সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল গতিরোধ করে ব্যবসায়ীর প্রায় ৭ লক্ষ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সারুটিয়া রেল লাইন মোড়ে। ব্যবসায়ী মো. মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ইলেকট্রনিকের দোকান ও বিকাশ ব্যবসায়ী ও পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার মো. আমির হোসেনের ছেলে। এ বিষয়ে মিলন হোসেন ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেন।
জানা যায়, ব্যবসায়ী মিলন হোসেন প্রতিদিনের মতো মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দশ টার দিকে দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় নামক স্থানে পৌঁছালে মুখ বাঁধা দুই জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়। ব্যাগের মধ্যে নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা, বিকাশ একাউন্টে ১ লক্ষ ৬০ হাজার, নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা, ২ টি স্মার্টফোন ও ৮ টি বাটন ফোন ছিল। মিলনের চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে দ্রæত ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তার টিম নিয়ে ঘটনা স্থলে পরিদর্শন করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছিনতায়ের ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি জিডি হয়েছে। ছিনতাই কারীদের ধরার জন্য তদন্ত চলছে।