মান্দায় পুরাতন ইটভাটা ভেঙে নতুন করে নির্মাণের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা : নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই নতুন করে ইটভাটা নির্মাণের অভিযোগে মেসার্স এআরএ ব্রিকসের কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে উপজেলার মৈনম (কানার মোড়) এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ না করে পুরাতন ইটভাটা ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ চালু রাখার দায়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টের নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *