মায়ের অজান্তে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

ছানোয়ার হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে পড়ে রায়য়ান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের মহদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়য়ান ওই গ্রামের মো. রতন হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মায়ের অগোচরে বাড়ির পাশে খেলছিল রায়য়ান। একপর্যায়ে খেলতে খেলতে বাড়ির পাশের আখতারুজ্জামান রঞ্জু মাস্টারের পুকুরপাড়ে যায় সে। সেখানে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি।
পরে শিশুটির ফুফু ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে রায়য়ানকে ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা পরে শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি বদলগাছী থানায় অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামের নির্দেশনায় এসআই জিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *