বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেনসিডিল এবং ১টি মোটরসাইকেলসহ তিন চোরাচালানিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে মোঃ বাপ্পা হোসেন (৩১), মৃত বজলুর রহমানের ছেলে মোঃ বাবুল হোসেন (৫৫) এবং একই গ্রামের মোঃ শাহিন (৩০)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি ও র্যাবের একটি যৌথ টিম দৌলতপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৮২ বোতল ভারতীয় মাদক ও পা কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।