মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহা.ঃ নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের নারায়নপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রটি নানা সমস্যায় জর্জড়িত। দীর্ঘদিন থেকেই পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা। সেখানে নেই কোন বিদ্যুৎ সংযোগ। পানি নিস্কাশনের নালা বন্ধ করে দেয়ায় বর্ষা মৌসুম জুরেই লেগে আছে জলাবদ্ধতা। দেখে মনে হবে যেন একটি ছোট পুকুর । ফলে জমে থাকা পানিতে নেমেই চিকিৎসা আর ওষুধ নিচ্ছেন রোগীরা। সংশ্লিষ্টরা বলছেন, বার বার উপর মহলে এসব অভিযোগ জানিয়েও কোন প্রতিকার মিলছেনা।
উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট আসাদুল ইসলাম বলেন, এই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন গড়ে প্রায় ৬০-৮০জনকে সেবা দিতে হয়। মাথার উপর ছাদের পলেস্তরা খসে পরছে। যে কোন সময় পুরো ছাদই ধ্বসে পরতে পারে।
কিন্তু চিকি’সা সেবা প্রদানে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। তিনি জানান, বহুবার চেষ্টা করেও বিদ্যুৎ সংযোগ নিতে পারেননি। ফলে প্রচন্ড গরমের মধ্যেই বসে সেবা দিতে হচ্ছে।
চিকিৎসা নিতে আসা হারিমা বেওয়া, আব্দুল জলিলসহ অনেকেই জানান, এলাকার লোকজনের একমাত্র ভরসা এই উপস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামো সংস্কার কিংম্বা মেরামতে কর্তৃপক্ষের কোন নজর নেই। গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি পানি নিস্কাশনের নালা বন্ধ করে দিয়েছে। ফলে গত ৩/৪ বছর ধরে বর্ষা মৌসুম আসলেই পুরো বর্ষা জুড়েই জলাবদ্ধতা থাকে। এতে হাটু পানি ভেঙ্গে এবং পানিতে নেমে থেকেই ওষুধ নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর বলেন, ভবনটি ভেঙ্গে নতুন করে নির্মাণের আবেদন করা আছে। কিন্তু কবে থেকে কাজ শুরু হবে তা বলা যাচ্ছে না। এছাড়া পানি নিষ্কাশনে স্থানীয় ভাবে নালা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।