বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৭ কোটি ৭২ লক্ষ টাকারও বেশি মূল্যের ৩৪০০.৩৮ গ্রাম (২৬ পিস) স্বর্ণের বারসহ মোঃ রিপন (৪১) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়ি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির দায়িত্বত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রিপন যশোরের শার্শা থানার বসতপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান রোধ ও মাদক পাচার চক্র আটকের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে আটক করে।
উদ্ধারকৃত মালামালের বিবরণ ও আনুমানিক মূল্য: স্বর্ণের বার: ২৬ পিস (ওজন ৩৪০০.৩৮ গ্রাম), মূল্য ৭,৬৭,৫৫,৬৯০/- টাকা। মোটরসাইকেল ২ টির, মূল্য ৪,০০,০০০/- টাকা মোবাইল ফোন ২ টির, মূল্য ৪০,০০০/- টাকা স্মার্ট ঘড়ি ১ টির, মূল্য ১২,০০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য: ৭,৭২,০৭,৬৯০/- (সাত কোটি বাহাত্তর ল সাত হাজার ছয়শত নব্বই) টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া জব্দকৃত মোটরসাইকেল, মোবাইল ফোন, স্মার্ট ঘড়িসহ আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।