মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের দলীয় পদ স্থগিত করার সিদ্ধান্তের প্রতিবাদে তীব্র বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে এই বিােভ কর্মসূচি পালিত হয়।
শার্শা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় জনতার উপচে পড়া ভিড়ে যশোর-বেনাপোল মহাসড়কের উভয় পাশের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা অভিযোগ করেন, শহিদুল ইসলাম শহিদ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কঠিন লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন এবং বারবার জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। শার্শা ছাড়াও যশোর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাহসিকতার সাথে আন্দোলন গড়ে তুলেছিলেন। একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে তার দলীয় পদ স্থগিত করিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভুল তথ্য প্রদানকারীরা বিষয়টি যাচাই-বাছাই করে দ্রুত ভুল বুঝতে পারবেন এবং এই ত্যাগী নেতাকে তার স্বপদে ফিরিয়ে দিয়ে যথাযথ সম্মান ফিরিয়ে দেবেন।
উল্লেখ্য, শার্শার এই বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সমর্থিত নারী সদস্যরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।