বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৮ জুলাই) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রপুর বিওপির একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের চালান পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়। অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।