ছানোয়ার হোসেন বদলগাছি (নওগাঁ) বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে প্রয়াত সাংবাদিক আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি প্রয়াত এই সাংবাদিকের পরিবারের জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে সংসদ সদস্য মো. ফজলে হুদা ওই অর্থের চেক বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীর হাতে তুলে দেন। পরবর্তীতে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিকের স্ত্রী কামরুন নাহার (জয়নব) ও কনিষ্ঠ ছেলে সিজান সিদ্দিকের হাতে এই অর্থ হস্তান্তর করেন।
সাংবাদিক আবু সাঈদ বদলগাছী উপজেলার চাংলা ডাঙ্গিরকুল এলাকার বাসিন্দা ছিলেন। দুই যুগেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি জাতীয় দৈনিক ‘আজ ও আগামীকাল’, ‘দৈনিক সংবাদ’ ও ‘দৈনিক আজকালের খবর’ পত্রিকায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ কর্মজীবনে বদলগাছীর নানা সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা সংবাদমাধ্যমে তুলে ধরে সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে আছেন আবু সাঈদ। তার আকস্মিক মৃত্যুর পর পরিবারের এমন কঠিন সময়ে সংসদ সদস্যের এই আর্থিক সহায়তা স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে একটি ইতিবাচক ও মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।