মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: কনকনে হাড় কাঁপানো শীতে কাঁপছে জয়পুরহাটের কালাই উপজেলার মানুষসহ পশুপাখি। শীতের তিব্রতা নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে শীতার্ত মানুষদের।
গত কয়েকদিন ঘন কুয়াশা ও শৈতপ্রবাহের কারনে শীতের তীব্রতার পর রোদের দেখা মিললেও বুধবারের সকালের শৈত্যপ্রবাহ ও তীব্র শীতের দাপট ছিল অনেক বেশি । এর ফলে ব্যাহত হচ্ছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা। ঘন কুয়াশায় অনেক যানবাহনকে দিনের বেলায় লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখাগেছে। কুয়াশায় শীতের তীব্রতা বৃদ্ধিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমজীবী ও দরিদ্র পরিবারের মানুষগুলোকে। অন্য বছরের তুলনায় এ বছর শীতের তীব্রতা অনেক বেশি বলে জানায় এ উপজেলার মানুষ । আবার কেউ কেউ ঘর থেকে বের হতে পারছেনা। ফলে বেশি সমস্যায় পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। তারা নিরুপায় হয়ে জীবন চলার তাগিদে হাঁড় কাপানো তীব্র শীতে ছুটেছেন রিযিকের সন্ধানে।
বুধবার সকালে উপজেলায় সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যার ফলে আরোবেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে হতদরিদ্রদের।
ভ্যান চালক রুবেল মিয়া জানান, কয়েকদিন ধরে খুব শীতের কারনে সকালে বেরহতে পারিনা। যারফলে আয় রোজগার কমে গেছে।
হাতিয়র গ্রামের বাসিন্দা হালিম ও আনোয়ার হোসেন জানান, শুননো শীতত সরকারের অনেক কম্বল বিতরণ করোছে। কিন্তু, হামাগেরে এটে এত শীত অতচ হামরা কেউ এখন পযন্ত এডা কম্বল পানোনা।
রাজমিস্ত্রী রব্বানী বলেন, আমি দিন মজুর করে খাওয়া এক শ্রমিক। ভাঙ্গা হাত দিয়েই কাজ করে খায়। একদিন কাজে না গেলে পরিবার চালাতে হিমশিম খেতে হয়। জীবন চলানোর তাগিদে খুব কষ্টে এই তিব্রশীতে বাড়ি থেকে বের হতে হয়েছে। শীতে কষ্ট পেলেও আমি কোন শীতবস্ত্র পাইনি।
গাড়ি চালক মাহবুব বলেন, আমি গাড়ি চালিয়ে যে রোজগার হয় তা দিয়ে পরিবার চালায়। তীব্র এই শীতের কারনে শরীর কাপছে। বাড়ি থেকে বের হতে মন না চাইলেই পরিবারের জন্য বের হতে বাধ্য হচ্ছি।
বাজারের লেবার শ্রমিকরা জানান, হামরাত সারা বছর হাটত লেবারি করা খায়। হামাগে কিছু থাকলে কি আর লেবারিত নাম দিনোহনি। আর হামরাই সরকারের অনেক কাজে সহযোগিতা করি এবং হামরা লেবার শ্রমিকরা শ্রম না দিলে বড় বড় শহরওত খাবার পৌঁছিলোনা হনি। তারপরও এই তীব্র শীতে সরকারের পক্ষথেকে হামরা লেবার শ্রমিকরা কোন সহায়তা পাইনা।
ব্যবসায়ী আঃ বাকিঁ ও হাসান মৌলবি বলেন, বিগত দিনের তুলনায় এখন শীত বেশি। গড়ম কাপড়েও শীত কমছেনা, এই শীতে আমাদের এলাকায় কেউ শীতবস্ত্র পাইছে বলে শুনিনি।
হাতিয়র গ্রামের শিক্ষার্থীর বাবা রবিউল বলেন, তীব্র শীতের কারণে বাচ্চারা স্কুলে যেতে চাচ্ছেনা। এ সময়টাতে শীত জনিত রোগ দেখা যাচ্ছে। আমরাও চিন্তিত আছি যে, শীতের কারণে বাচ্চাদের কিনা কি রোগ হয়। অন্যদিকে স্কুলে না পাঠালে পড়ালেখার ক্ষতি হবে।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী রিফাত ও দিপ্ত বলেন , এমনিতেই তীব্র শীতে বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না। অপরদিকে ক্লাসে না গেলে পড়াশোনার ক্ষতি হবে, কিছু শিখতে ও জানতে পারবো না। বিধায়, বিপর্যস্ত এই শীতে পড়ালেখার তাগিদে বাড়ি থেকে বের হতে হচ্ছে।
কালাই উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নুসরাত জাহান জেবা বলেন, গতদিন গুলির চেয়ে এখন শীত খুব বেশি, গায়ে গড়ম কাপড় থাকলেও হিমেল হাওয়ায় কাপড় ছেদ করে ভিতরে ঢুকছে শীত। তারপরও কৃষি ও কৃষকের জন্য কষ্ট নিয়েই শীতের তীব্রতায় ক্ষেত প্রদর্শন করে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি ।
এ ব্যাপারে কালাই উপজেলা নির্বাহি অফিসার জান্নাত আরা তিথি বলেন, এখন তীব্র শীত চলছে। আমাদের প্রচুর শীতবস্ত্রর চাহিদা রয়েছে। সরকারি যে কম্বলগুলি আমরা পেয়েছিলাম তা চাহিদার চেয়ে অনেক কম। ইতিমধ্যে ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভাতে ২৫শর বেশি কম্বল বিতরণ হয়েছে । আমাদের যে পরিমান চাহিদা রয়েছে তা উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর সে পরিমান চাহিদা পাঠানো হয়েছে । সরকার আমাদের আরো শীতবস্ত্র দিয়ে গরীব, দুঃখী, ছিন্নমূল মানুষের শীত নির্মূলের জন্য পদক্ষেপ গ্রহণ করবে।