মো:মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আলতাফ আলী (৪০) এর ইজারা নেওয়া পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে একই গ্রামের মোকছেদ আলীর পরিবারের বিরুদ্ধে । উপজেলার ভুক্তভোগী পাঁচ পাইকা গ্রামের মৃত আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।
বুধবার ভোর রাতে উপজেলার পুনট পাঁচ পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরে বিষ ঢেলে প্রায় ৩০ থেকে ৩৫মন মাছ নিধনের অভিযোগ আলতাফ আলীর। ভূক্তভোগী একই গ্রামের মোকছেদ আলীর স্ত্রী লিলি বেগম এবং তার দুই ছেলে হামিদুল ইসলাম ও রিপন ওই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী আলতাফ আলী অভিযোগ করে বলেন, গত ২০২২সালের জুলাই মাসে তিনি একই গ্রামের রাশেদুজ্জামান মিঠুর প্রায় ৩ বিঘা পুকুর ৩ বছরের জন্য ১লাখ ৩০হাজার টাকায় ভাড়া (ইজারা) নেন । পুকুরটি ভাড়া নিয়ে সেখানে ২০ হাজার টাকার রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, হাংরী কার্পসহ বিভিন্ন ধরনের মাছের পোনা ছাড়েন। এ ছাড়া পোনা মাছগুলো পালনের জন্য আরো ১৮ হাজার টাকার খাদ্য ও ঔষধ পুকুরটিতে প্রয়োগ করেন। এতে সব মিলিয়ে তার প্রায় ২ লাখ টাকা ব্যায় হয়, এসব টাকার সবই তিনি এনজিও ও বিভিন্ন ব্যক্তির কাছে ঋন গ্রহন করেছেন। এ অবস্থায় অভিযুক্তরা তাকে পুকুরে যেতে নিষেধ করলে ভাড়া নেওয়ার সময় পর্যন্ত তিনি সময় চেয়েছিলেন। এরই মধ্যে অভিযুক্তরা পুকুরে বিষ মিশিয়ে প্রায় ৩০ থেকে ৩৫মন মাছ মেরে ফেলেছেন বলে জানান তিনি।
দরিদ্র আলতাফ ডুকরে কেঁদে বলেন, ‘ ৩ বছরে সব খরচ বাদ দিয়ে হামার প্রায় ২ লাখ ট্যাকা লাভ হতো, সেই লাভের ট্যাকা দিয়ে ব্যাটাক এনা দোকান করে দিমো, একন লোনের ট্যাকা কোত্তেকে শোধ দিমো, আর কি খায়া বাঁচমো, হামার সব শ্যাষ বাবা।”= দরিদ্র আলতাবের এমন আহাজারীতে চোখের পানি ধরে রাখতে পারেননি পুকুর দেখতে আসা ওই গ্রামের সাধারন মানুষরা।
একই গ্রামের ছফির উদ্দিনের মেয়ে শহীদা বেগম, মৃত সেকেন্দার আলীর ছেলে আামজাদ হোসেন, ভূক্তভোগী আলতাফের ভাই আব্দুল বারীকসহ প্রতিবেশীরা জানান, পুকুরটি দীর্ঘ দিন ধরে মিঠুর ভোগ দখলে আছে, এ অবস্থায় অভিযুক্তরাও পুকুরটির মালিকানা দাবী করছেন। এ নিয়ে তারা দরিদ্র মৎসচাষী আলতাফকে পুকুরটিতে না যাওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে বুধবার দিবাগত রাতের শেষ দিকে ওই পুকুরে বিষ দিয়ে বিপুল পরিমান মাছ মেরে ফেলার ঘটনা ঘটেছে । প্রকৃত দোষীদের কঠোর শাস্তিরও দাবী করেন গ্রামবাসী।
এ ব্যাপারে মোকছেদ আলীর স্ত্রী লিলি বেগম এর পরিবার এ অভিযোগগুলো সম্পন্ন অস্বীকার করেন।কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দীন জানান, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এব্যাপারে একটি থানায় মামলাও হয়েছে বলেও জানান ওসি।