হেফাজতের দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন

হেযবুত তওহীদ ছাত্র ফোরাম, প্রতিবেদক: ঢাকা, ১১ আগস্ট ২০২৬: হেফাজতে ইসলামের পক্ষ থেকে হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদি হাসান।

লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকালে অনুষ্ঠিত একটি বৈঠকে বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। এসব দাবির মধ্যে হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবিও ছিল বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের নেতারা এ দাবিকে ‘অসাংবিধানিক ও বেআইনি’ আখ্যা দিয়ে বলেন, মতাদর্শগত বিরোধের কারণে কোনো সংগঠনকে নিষিদ্ধ করার দাবি গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, হেযবুত তওহীদ দেশের প্রচলিত আইন ও সংবিধান মেনে তাদের সাংগঠনিক ও মতাদর্শিক কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের ব্যানারে কিছু গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, মিথ্যা ও বানোয়াট প্রচার এবং বিভিন্নভাবে জনমত উত্তেজিত করার চেষ্টা করছে। এতে সংগঠনটির সদস্যদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, হেযবুত তওহীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রকাশ্য ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। একই সঙ্গে কোনো গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার না করে নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে মব সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং হেযবুত তওহীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলাম, সহসভাপতি আল মামুন খান আকাশ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *