শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে সরকারি খাল দখল এবং কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখায় মৎস্য ঘেরের বেড়িবাঁধ কেটে দিলেন উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় জলাবদ্ধতা নিরসনে এই অভিযান পরিচালনা করেন প্রশাসন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিরাশুনি গ্রামের আতিয়ার মলঙ্গী দীর্ঘদিন ধরে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের হাজরা ও বেনাকুড়া বিল এলাকায় সরকারি কালভার্টের মুখ আটকিয়ে রাখায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে স্থানীয় মানুষের বাড়িঘর ও কৃষিজমিতে পানি ওঠে পড়েছে। এলাকাবাসীর দাবি এই ঘের মালিক অবৈধভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছে। যার ফলে প্রায় ৩ হাজার বিঘা জমিতে চলতি আমন ধান চাষ এবং আগামী মৌসুমে সরিষা চাষ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন সরেজমিনে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে এলাকাবাসীর উপস্থিতিতে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা অপসারণ করার জন্য ঘেরের বেড়ি কেটে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। পানি নিষ্কাশন স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর অনেকেই উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে সাধুবাদ জানোনোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অভিযান পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম-সহ থানা পুলিশ ও আনসার-ভিডিপির সদস্য, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী।