বেনাপোল প্রতিনিধি: চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছে সে দেশের হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের একাধিক সংগঠন। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ভারতের একাধিক রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। সীমান্তের ওপারে এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পেট্রাপোলের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দেিণর বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ আরও কয়েকজন নেতা।
সমাবেশে বনগাঁ দক্ষিনের বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সুরে কথা বলেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তাঁর মতে, বাংলাদেশের জনগণকে রক্ষা করা এবং দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরা উচিত।
অন্যদিকে, অসমর্থিত সূত্রে জানা গেছে যে, আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন নাসিম পেট্রাপোল-বেনাপোল সীমান্ত অঞ্চল পরিদর্শনে যেতে পারেন। সেখানে তিন-চার দিন অবস্থানের পর তাঁদের আগরতলা যাওয়ার কথা রয়েছে বলে জানা গেলেও, এই সফরের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে ওই বিক্ষোভ সমাবেশ শেষ হওয়ার পরপরই বাংলাদেশের বেনাপোল সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করতে দেখা যায়।
এ বিষয়ে বিজিবির কর্মকর্তা মাছেদুল রহমান জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পথে কোনো অনুপ্রবেশকারী যাতে দুই দেশের মধ্যে যাতায়াত করতে না পারে, সে জন্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বৃদ্ধি করা হয়েছে। বিজিবির টহল দল বেনাপোলের প্রধান ফটক চেকপোষ্ট ও সীমান্তের বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার এর জন্য সতর্কবস্থায় থাকবেন।