জনগণ সঙ্গে ছিল বলে ১৭ বছর এত অত্যাচার-নির্যাতনেও বিএনপি টিকে আছে: তারেক রহমান

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে ছিল বলে গত ১৭ বছর এত অত্যাচার-নির্যাতনেও বিএনপি আজও টিকে আছে।

তারেক রহমান বলেন, দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে এক পক্ষ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আরেকটি পক্ষ আছে, যারা আগে থেকেই তাদের সঙ্গে ছিল। ১৭ বছর তাদের মাঠে-ঘাটে পাওয়া যায়নি। ভেতরে-ভেতরে তাদের সঙ্গেই ছিল। তারা আবারও ভেতরে-ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ২০০৮ সালের নির্বাচনে ম্যাজিক দেখানোর মতো খালি বাক্স যেন ভরা বাক্স হিসেবে দেখাতে না পারে, সে জন্য ব্যালট বাক্স পাহারা দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও রাজনৈতিক সফর কর্মসূচির অংশ হিসেবে উত্তরের জেলা নওগাঁয় আসেন বিএনপির চেয়ারম্যান।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সমবায়বিষয়ক সম্পাদক নাজমুল হক সনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, নওগাঁ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি ইলিয়াস তুহিন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও মান্দা থানা বিএনপির সভাপতি আব্দুল মতিন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা বিএনপির সভানেত্রী সাবিনা আক্তার পলি, সদর বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, যুবদল নেতা শামিনুর রহমান শামিম প্রমুখ।

এ ছাড়া নওগাঁ-১ আসনের প্রার্থী মোস্তাফিজ রহমান, নওগাঁ-২ আসনের শামসুজ্জোহা খান, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের জাহিদুল ইসলাম ধলু ও নওগাঁ-৬ আসনের প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম এবং জয়পুরহাট-১ আসনের প্রার্থী মাসুদ রানা প্রধান ও জয়পুরহাট-২ আসনের আব্দুল বারী বক্তব্য দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *