পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যা ঘাতক স্বামী গ্রেফতার 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এ মর্মান্তিক ঘটনা ঘটে বুধবার (১এপ্রিল) দুপুর সাড়ে ১২টার উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে। ঘাতক গ্রেফতারকৃত মো. মকিম (৩৬) ওই গ্রামের মৃত ওলিদের ছেলে। নিহত মর্জিনা খাতুন (২৮) একই গ্রামের মশিউর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী মকিম ঘরের ভেতরে থাকা একটি প্রেসার কুকার দিয়ে স্ত্রী মর্জিনা খাতুনের ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তিনি মর্জিনার মাথার পেছনে, মুখমণ্ডল ও নাকে গুরুতর আঘাত করেন। এতে তিনি মারাত্মক রক্তাক্ত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা মোতাবেক পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মকিমকে  গ্রেফতার করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *