যশোর-৬ আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোর-৬ কেশবপুর সংসদীয় এলাকার বর্তমান সিমানা বহাল রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি জমা দিয়েছেন যশোর-৬ কেশবপুর আসনের ভোটাররা। গত রবিবার (২৪ আগস্ট) সকালে কেশবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর জেলা নির্বাচন অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। 

 

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আগামীকাল ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। তারই প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা। তারই ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে রবিবার (২৪ আগস্ট) সকালে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছেন যশোর-৬ আসনের ভোটাররা।

ওইসময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই কেশবপুরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অপরদিকে একইদিনে ব্যবসায়ী সংগঠন কেশবপুর উপজেলা বণিক সোসাইটির পক্ষ থেকে যশোর-আসনের বর্তমান সীমানা বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন যশোর জেলা নির্বাচন কর্মকর্তার নিকট জমা দিয়েছেন। কেশবপুর উপজেলা বণিক সোসাইটির সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর কবির বিশ্বাস স্বাক্ষর করে ওই আবেদন করেন।

একইদিন দুপুরে ৯০ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর শহরের প্রধান সড়কে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *