সকল ভয়ভীতি উপেক্ষা করে বেগম রোকেয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে-পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক: যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে নারী জাগরণের মাইল ষ্টোন বেগম রোকেয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে। প্রত্যেকের উচ্চ শিক্ষার আগ্রহ থাকতে হবে এবং দেশ গড়ার প্রত্যয় থাকতে হবে। তিনি গত সোমবার (১২ জানুয়ারি) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কেশবপুর উপজেলা কার্যালয়ের আযোজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের আওতায় পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ, চেক উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সমাজে নারীরা কিন্তু কোন কিছুতেই পিছিয়ে নেই। শিক্ষিত নারীরা আগামী দিনের ভবিষ্যত। তাই মেয়েদের শারীরিক, মানসিক, সাংস্কৃতিক, শিক্ষার বিকাশ সহ সকল অধিকার রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। মেয়ে বলে তাদের অযন্ত অবহেলা এবং তাদের উপর জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া যাবে না। তাদেরকে স্নেহ-মমতা, জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় গড়ে তুলতে পারলে আগামী দিনে তার ইতিবাচক প্রভাব পড়বে। অদম্য শক্তিকে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মেয়েদের বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সর্তকতা থাকতে হবে। যতটা সম্ভব ছেলে-মেয়েদের সময় দেওয়া, তাদের সুবিধা অসুবিধার কথাগুলো শোনা এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি’র যশোরের উপ-পরিচালক বি এম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) ইমদাদুল হক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মানস কুমার হালদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি’র উপজেলা কার্যালয়ের হিসাবরক্ষক অদ্যহিত রায়।

সমাবেশে শতাধিক কিশোরী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭ জন কিশোরীর মাঝে ৮১ হাজার ৭’শ ৫৯ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *