বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

ছানোয়ার হোসেন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলা ১১টায় অভিষকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন, বদলগাছি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কানিজ ফারহানা, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি সানজাদ রয়েল সাগর ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীসহ কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে অতিথিদের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বদলগাছী সদর ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম দবির, বদলগাছী প্রেসক্লাবের দ্বিতীয়ার্ধের সভাপতি এমদাদুল হক দুলু এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
এ সময় অতিথিরা সাংবাদিকতার পেশাগত মর্যাদা বজায় রেখে মানুষের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বদলগাছী প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল সাংবাদিকদের বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে মধ্যাহ্নভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *