বেনাপোলকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আবু তাহের ভারত

মো: আনিছুর রহমান আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরপিতা নির্বাচিত হলে বেনাপোলবাসীর জন্য তিনি কী কী করবেন, এমন এক সাক্ষাৎকারে তার পরিকল্পনা তুলে ধরেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। তিনি নির্বাচিত হলে বেনাপোলকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত শহরে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আধুনিক নাগরিক সেবার রূপরেখা আবু তাহের ভারত তার পরিকল্পনায় নাগরিক নিরাপত্তা ও আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো হলো:
নিরাপদ শহর: রাত ১২টা পর্যন্ত নারী ও শিশুদের অবাধ ও নিরাপদ চলাচলের নিশ্চয়তা প্রদান। প্রতিটি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপন, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের গতিবিধির ওপর নজর রাখতে পারেন।
অবকাঠামোগত উন্নয়ন: শহরের রাস্তাঘাট থেকে সকল অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক ও ডিশের তার অপসারণ। আধুনিক ড্রেনেজ ব্যবস্থার প্রবর্তন, যেখানে মাটির নিচে সকল ক্যাবল থাকবে এবং তার নিচ দিয়ে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন: পরিকল্পিত বৃক্ষরোপণ এবং ফুটপাতে গাছ লাগানো। তবে গাছ ২০ ফুটের বেশি লম্বা হলে তা নিয়মিত ছাঁটাই করার নিয়ম করার পরিকল্পনা রয়েছে তার।
নদী ও বিনোদন কেন্দ্র: হাকর নদীকে দখলমুক্ত করে সংস্কার করা এবং দুই পাড় বাঁধাই করে রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে তার। সেখানে সাধারণ মানুষের জন্য হাঁটার ব্যবস্থা ও স্পিডবোট চালুর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া একটি আধুনিক শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের কথা জানিয়েছেন তিনি।
আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা
তিনি মনে করেন, বেনাপোলের বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে এটিকে বসবাসযোগ্য করে তুলতে হবে।
সামাজিক নিরাপত্তা: বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং ভিজিডি চালের কার্ডের জন্য পৌর নাগরিকদের আর লাইনে দাঁড়াতে হবে না। তিনি নির্বাচিত হলে বাড়িতে বাড়িতে গিয়ে কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাদক ও অপরাধ নির্মূল: মাদক ব্যবসায়ী ও মদদদাতাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। একটি মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
কর্মসংস্থান ও সেবা: ফুটপাত দখলমুক্ত করে সেখানে হকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারের খাস জমি উদ্ধার করে সেখানে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কারণ তাদেরও সংসার ও পরিবার আছে। তাই তাদের একেবারে উচ্ছেদ না করে সরকারি জমিতে পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করতে হবে।
মানবিক কর্মকাণ্ড ও স্বচ্ছতার বার্তা
স্থানীয়রা জানান, আবু তাহের ভারত একজন মানবিক মানুষ। করোনা মহামারীর সময় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের খামারের দুধ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তিনি ওই সময় নিজ বাড়ি থেকে অসহায় ঘরবন্দী মানুষের জন্য ট্রাকে করে চাল-ডাল পাঠিয়েছেন। তিনি একটি অভিজাত পরিবারের সন্তান। যার নামে কোনো দুর্নীতি বা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার মতো কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই। তাই তাকে ভোট দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত করার আশা প্রকাশ করেন স্থানীয়রা।
সবশেষে, ভোটারদের প্রতি তার আহ্বান, সকল প্রার্থীর খোঁজখবর নিয়েই যেন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থীদের স্বচ্ছতা ও জনসেবার অতীত রেকর্ড বিবেচনা করেই যেন নাগরিকরা ভোট প্রয়োগ করেন, এমনটাই মন্তব্য করেছেন আবু তাহের ভারত। তিনি বিশ্বাস করেন, একজন জনপ্রতিনিধির ব্যক্তিত্ব, বংশমর্যাদা এবং রুচিবোধ থাকা জরুরি, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *