মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: যেদিকে তাকাই সেদিকেই সরিষার হলুদ ফুলের সমারোহ। জেলার বিভিন্ন উপজেলায় বিস্তৃর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। এসব ফুল থেকে মধু আহরণ করছে লক্ষ লক্ষ মৌমাছি। সরিষা চাষ উপযোগী আবহাওয়া অনুকূলে থাকায়, চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছে কৃষি বিভাগ।
রাণীনগর : রাণীনগর কৃষি অফিস জানান, চলতি মৌসুমে এ’উপজেলায় ২ হাজার ৮শত ৫০ হেক্টর জমিতে বারি সরিয়া-১৪, ১৫ এবং এই প্রথম নতুন উদ্ভাবিত উন্নত ফলনশীল জাত বারি সরিষা-১৭ চাষ করা হয়েছে।
পোরশা : পোরশা উপজেলায় ৪ হাজার ৪১০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে ৫২০ হেক্টর বেশি। সরিষার গাছ ও আবহাওয়া ভাল থাকলে বম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আত্রাই:চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবছর উপজেলায় প্রায় ৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
সাপাহার :এ বছর উপজেলায় ৬ হাজার ৭১০ হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলায় এবছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৫ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে ২৯ হাজার ২৬৫ হেক্টর।