মাগুরা সদরে সালিশের বৈঠকে হাতুড়ির আঘাতে মাতব্বর নিহত

খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা প্রতিনিধি: মাগুরায় সদর উপজেলার কুঁচিয়ামোড়া ইউনিয়নের বলুগ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধ মীমাংসায় আয়োজিত সালিশ বৈঠকে বাদশা মোল্যা নামে ওই গ্রামের প্রধান মাতবরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বাদশা মোল্যা (৬৫) ওই গ্রামের মৃত ধলা মোল্যার ছেলে।

এলাকাবাসী জানান, বলুগ্রামের খালপাড়ে মোবাশ্বের আলী নামে এক ব্যক্তির জমি ইজারা নিয়ে একই গ্রামের আনোয়ার হোসেন পেয়ারা বাগান করেন; কিন্তু ইজারাকৃত ওই জমির মধ্যে ১৯ শতাংশ জমির মালিকানা নিয়ে মোবাশ্বের আলীর সঙ্গে বিরোধ চলছিল বাদশা মোল্যার বোনের মেয়ে শিউলী খাতুনের। তারপরও জমির ইজারাগ্রহিতা আনোয়ার হোসেন বিরোধীয় ওই জমিতে ধানের আবাদ করেন; যা নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার আনোয়ার হোসেন আবাদকৃত ওই জমির ধান কাটতে গেলে শিউলী খাতুন বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হন। সেই বিষয়টির মীমাংসা করতে ২৪ অক্টোবর শুক্রবার সকালে গ্রামের হাফিজার মোল্যার বাড়ির পাশে চৌমাথায় নওশের মোল্যার সভাপতিত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে উপস্থিত স্থানীয়রা জানান, এতে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসা হয়ে যায়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষকে হাতে হাত মিলিয়ে দেওয়া হচ্ছে- এমন সময় আনোয়ার হোসেনের লোকজন হাতুড়ি নিয়ে গ্রামের প্রধান মাতব্বর বাদশা মোল্যার ওপর হামলা করে। এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিরোধে লিপ্ত মোবাশ্বের আলী-আনোয়ার হোসেন এবং শিউলী খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টাও চলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *