শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ২০২৬-২৭ শিক্ষা বর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ওই কলেজ প্রাঙ্গনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজী আব্দুল মোতালেব কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এবং অত্র কলেজের দাতা সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই সকল শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজ জীবন শুধু একটি ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ সময়। নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কলেজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে। এছাড়াও নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক। এছাড়াও বক্তব্য রাখেন হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের প্রভাষক নারায়ণ চন্দ্র দত্ত, শিক্ষার্থী ইরিন জামান, সুমী খাতুন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মনিরা হারুন মীম ও গীতা থেকে পাঠ করেন সৌমিতা চক্রবর্তী।
অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব আবুল হোসেন আজাদ ও বিশেষ অতিথি নিজাম উদ্দিনকে ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের চারজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ওইসময় পুরো কলেজ জুড়ে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নতুন সহপাঠী, নতুন পরিবেশ ও নতুন স্বপ্ন নিয়ে কলেজ জীবনের সূচনার দিনটি আনন্দের সঙ্গে উপভোগ করেন নবীন শিক্ষার্থীরা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবীন শিক্ষার্থীদের অনেকেই জানান, কলেজ জীবনের প্রথম দিনটি তাঁদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এই নতুন পরিবেশে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ, ১৯৯৩ সালের ১৭ সেপ্টেম্বর কেশবপুর পৌর শহরের মধু সড়কের পাশে জমিদাতা আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর পিতা মরহুম হাজী আব্দুল মোতালেব এর নামকরণ করেই মহিলা কলেজটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বেশ সুনামের সহিত প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছে। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার উপরে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পাশ করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের কল্যাণে কাজ করছে।