জ্ঞান অন্বেষণের প্রত্যয়ে বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজে নবীন বরণ

ছানোয়ার হোসেন  বদলগাছী (নওগাঁ) বিশেষ প্রতিনিধি: “এসো জ্ঞান অন্বেষণে; ফিরে যাও দেশের কল্যাণে” এই প্রত্যয়কে সামনে রেখে নওগাঁর বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকায় কলেজের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের উদ্দেশে শিক্ষামূলক আলোচনা করেন কলেজের শিক্ষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম কিবরিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ছাইদুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে কেরাত পাঠ, গীতাপাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের নিয়ম-শৃঙ্খলা, অধ্যয়ন, নৈতিকতা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সবুজ কুমার মন্ডল, প্রভাষক কামাল হোসেন, প্রভাষক তানজিলা আফসানা ব্রতী, প্রভাষক সানজিদা সুলতানা সূচী ও প্রভাষক মুমিনুর রহমান প্রমুখ।
শিক্ষকরা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞানকে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরও বলেন, নতুন পরিবেশে মানিয়ে নিয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার মাধ্যমে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
নবীন বরণ ও শিক্ষামূলক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *