নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন

 মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর নওগাঁ : নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আরও দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে।
অনুমোদনপ্রাপ্ত দুটি বিষয় হলো-কলা অনুষদের অধীনে ইংরেজি বিভাগ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে বুধবার এই অনুমোদন পাওয়া গেছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত পত্র মোতাবেক এই অনুমোদন প্রদান করা হয়েছে।
অনুমোদন লাভের যে সব শর্ত দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে-নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও একাডমিক কার্যক্রম চালু, স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করতে হবে।
ইংরেজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কারিকুলাম প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
লাইব্রেরিতে বিষয় সংশ্লিষ্ট পর্যাপ্ত বই ও জার্নালের ব্যবস্থা করতে হবে এবং ভবনের জরুরী নির্গমণ সুবিধা, জরুরী চিকিৎসা সহায়তা ও বিশুদ্ধ খাবার পানি সুবিধা নিশ্চিত করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিভাগ দ’টি অনুমোদন প্রদান করতে যে শর্তসমূহ আরোপ করেছে তা পূরণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
অপরদিকে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের যাতায়াতের জন্য একটি মাইক্রোবাস এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি বড় বাস ভাড়া করার অর্থ বরাদ্দসহ অনুমতি প্রদান করা হয়েছে।
উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী জানান, মাইক্রোবাস এবং বড় বাস ভাড়া নেওয়ার জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ দুটি বিভাগে পাঠ্যক্রম চালু হলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ৪টি। আগে থেকেই হিসাব বিজ্ঞান এবং আইন বিভাগে পাঠদান চলমান রয়েছে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *