সিরাজগঞ্জ ছিনতাই করা অটোরিকশা বিক্রির সময় গ্রেফতার ৩

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ সোমবার (৫ ফেব্রূয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার তেলকুপি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সয়া গোবিন্দ খান সাহেবের মাঠ এলাকার গোলাম মোস্তফার ছেলে আসাদুল (৪০), বেলকুচি উপজেলার বড় বেড়া খারুয়া গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে শাহিন রেজা (২৪) ও সদর উপজেলার সয়া গোবিন্দ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. রাব্বি (২৪)। তাদের মধ্যে আসাদুল ছিনতাই ও চুরির মালামালের ক্রেতা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গত ৪ ফেব্রুয়ারি বেলকুচি থানার রাজাপুর এলাকায় সজীব নামে এক চালককে বেঁধে অটোরিকশা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া ওই অটোরিকশাটি সোমবার তেলকুপি বাজারে আসাদুলের কাছে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আসাদুল ও দুই ছিনতাইকারী শাহিন ও রাব্বিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অটোরিকশার চালকদের অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে দূরে নির্জন স্থানে নিয়ে গিয়ে অজ্ঞান করে অথবা হত্যার হুমকি দিয়ে অটোরিকশা ছিনতাই করেন।
গত ১৮ জানুয়ারি একই কায়দায় সিরাজগঞ্জ কোর্ট এলাকা থেকে মনিরুল নামে এক অটোরিকশা চালককে অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে বেলকুচির তামাই নিয়ে যান। সেখানে কফির মধ্যে চেতনানাশক মিশিয়ে মনিরুলকে অজ্ঞান করে তাকে মাঠের মধ্যে ফেলে অটোরিকশা নিয়ে যান তারা। সোমবার ছিনতাইকারী শাহিনকে শনাক্ত করেন মনিরুল।
দুটি ঘটনায় মামলা দায়ের হয়েছে। ছিনতাইয়ে জড়িত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *